গুলশান, শোলাকিয়াসহ দেশব্যাপী সন্ত্রাসী ও জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন। বরিশালে মানববন্ধনে শিক্ষার্থীদের বিপথগামী হতে না দেওয়ার অঙ্গীকার করেছেন শিক্ষকেরা।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: বেলা ১১টার দিকে নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে মানববন্ধন হয়। এতে পাঁচ শতাধিক শিক্ষক অংশ নেন। বাংলাদেশ শিক্ষক সমিতি এর ডাক দেয়। মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল শাখার সভাপতি দাশগুপ্ত আশিস কুমার সভাপতিত্ব করেন। কর্মসূচিতে শিক্ষকনেতারা বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তান। প্রিয় সন্তান যদি বিপথে যায়, তাহলে তার দায় আমাদের ওপর বর্তায়। তাই আমরা শিক্ষার্থীদের বিপথগামী হতে দেব না।’
একই সময়ে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর সেতু এলাকায় মানববন্ধন করেন বাবুগঞ্জ উপজেলার স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ মানববন্ধন করেছে। গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে এবং বাটাজোর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বাটাজোর বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সমাবেশ হয়।
ফরিদপুর: বেলা ১১টার দিকে বোয়ালমারী পৌরসভার চৌরাস্তা এলাকায় মানববন্ধন ও সমাবেশ হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির বোয়ালমারী উপজেলা শাখা এর আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইস্রাফিল মোল্লা প্রমুখ।
পিরোজপুর: দুপুর ১২টার দিকে মঠবাড়িয়া উপজেলা শহরের তুষখালী সড়কে মানববন্ধন হয়। বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ এর আয়োজন করে। মানববন্ধন শেষে সমাবেশে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মোস্তফা জামান খান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাতুব্বর, মঠবাড়িয়া নাগরিক কমিটির আহ্বায়ক মজিবুল হক খান প্রমুখ।
বাগেরহাট: দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মুকুন্দ কুমার দাস, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ অজয় চক্রবর্তী প্রমুখ। বক্তারা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সাতক্ষীরা: বেলা ১১টার দিকে জেলা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে মানববন্ধন ও সমাবেশ হয়। এর আগে শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে শোভাযাত্রা বের হয়। সেটি শহীদ আলাউদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন নাগরিক জোটের আহ্বায়ক বিশ্বনাথ ঘোষ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
ইসলামী বিশ্ববিদ্যালয়: বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে এসে শোভাযাত্রাটি একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী সমিতির সভাপতি উকিল উদ্দিন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ। বক্তারা সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিরোধে প্রতিটি ঘরে ঘরে, পাড়া, মহল্লায় এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
যশোর: সকালে সদর উপজেলার হামিদপুর আল-হেরা কলেজের দুই হাজার শিক্ষার্থী জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী শপথ করেছেন। এই সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান যশোর-৩ (সদর) আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ। পরে কলেজের সামনে যশোর-নড়াইল সড়কে মানববন্ধন হয়। এতে স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।