শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি
সান্ধ্য কোর্স ও বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক বলেন, এ বছরের ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা হামলা করে। ওই ঘটনায় দায়ীদের কোনো শাস্তি হয়নি। উপরন্তু আন্দোলকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ চারটি মামলা করে। পরে উপাচার্য মামলাগুলো প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তা করা হয়নি। বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীদের ওই মামলায় জড়ানোর ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি প্রমুখ।