চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা পাঁচটি মামলা আট মাসেও প্রত্যাহার করা হয়নি। ওই মামলার আসামি শিক্ষার্থীদের ধরতে পুলিশ এখনো বাসায় বাসায় অভিযান চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ ওই পাঁচটি মামলা করে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মামলা প্রত্যাহারের বিষয়ে কর্তৃপক্ষ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে গত বছরের ২৭ সেপ্টেম্বর একটি সমঝোতা হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তাঁদের আন্দোলন স্থগিত করেন।শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনে নেতৃত্ব দেওয়া তবারক হোসেন, সুজন আহমেদ ও রাজীবের বাসায় পুলিশ অভিযান চালায়। এই তিন ছাত্রের বাসা চট্টগ্রাম নগরে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। পরে কী হয়েছে, আমার জানা নেই।’গত বছরের ২৬ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন। আন্দোলন চলাকালে গত বছরের ১ আগস্ট নগরে এবং ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর চালান। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ হাটহাজারী থানায় তিনটি, নগরের পাঁচলাইশ ও খুলশী থানায় একটি করে মোট পাঁচটি মামলা করে।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, মামলা প্রত্যাহারের ব্যাপারে চিন্তাভাবনা রয়েছে।