জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের মানববন্ধন
শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ৭ দফা দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীদের অন্য দাবির মধ্যে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিচার, প্রক্টরকে জবাবদিহির আওতায় আনা, যে বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন, সেটির চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনা, নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণ।
মানববন্ধনে ঐক্যমঞ্চের অন্যতম মুখপাত্র অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, সিন্ডিকেটের বৈঠক ডেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন উপাচার্য। কিন্তু সিন্ডিকেট হয়েছে, মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়নি। দাবি আদায়ে আমরা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব।
এদিকে উপাচার্যের বাসভবনে ভাঙচুরে ঘটনায় গঠিত তদন্ত কমিটি পুনর্গঠনের দাবি জানিয়ে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠন করতে হবে। কারণ সেখানে উপস্থিত কিছু শিক্ষকের ভূমিকাও প্রশ্নবিদ্ধ ছিল। তাই নিজেদের লোক দিয়ে ‘ক্যাঙারু কোর্টে’ শিক্ষার্থীদের বিচার করা যাবে না।
মানববন্ধনে অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক নইম সুলতান, অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক মো. শরিফ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
গত ২৬ মে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় িবশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় ৪০-৫০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।