জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের করা মামলা প্রত্যাহার ও তদন্ত কমিটি পুনর্গঠনসহ পাঁচ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে স্মারকলিপি দিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ। একই দাবিতে তারা সংবাদ সম্মেলনও করেছে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঐক্যমঞ্চের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যকে স্মারকলিপি দিতে প্রশাসনিক ভবনে যান। উপাচার্য কার্যালয়ে উপস্থিত না থাকায় তাঁর পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। সেখান থেকে বের হয়ে এসে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে ঐক্যমঞ্চের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন বলেন, ভয় দেখানোর জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ প্রত্যাহার করতে হবে। মামলার আসামি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে, উৎকোচ গ্রহণ করছে। আগামী ৪ জুলাই মামলার শুনানি রয়েছে। এর মধ্যেই মামলা প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্যমঞ্চের অন্যতম মুখপাত্র দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে এত ছাত্রের বিরুদ্ধে মামলা হয়নি, এত ছাত্র গ্রেপ্তারও হয়নি। মামলা প্রত্যাহারে শিক্ষকদের একটি প্রতিনিধিদল উপাচার্যকে সময় বেঁধে দিলেও এখন পর্যন্ত মামলা প্রত্যাহার হয়নি। তিনি আরও বলেন, ওই দিনের ঘটনা তদন্তে প্রশাসনপন্থী শিক্ষকদের দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকে সিন্ডিকেট সদস্য। যে সিন্ডিকেট শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে, সেই সিন্ডিকেটের সদস্য ঘটনা তদন্ত করবেন। এর মধ্য দিয়ে বাদী নিজেই বিচারকের ভূমিকা পালন করছেন।
এ ছাড়া কর্মচারীদের দিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মানববন্ধন করানোর প্রতিবাদ জানিয়ে রায়হান রাইন বলেন, মানববন্ধনের সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে। এ ধরনের অপরিণামদর্শী কাজের ফল শুভ হবে না। তিনি নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশকে পরস্পরের বিরুদ্ধে ব্যবহার না করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. শরিফ উদ্দিন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামসুল আলম, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মির্জা তাসলিমা সুলতানা, শিক্ষক মাহমুদুল হাসান, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, ইতিহাস বিভাগের শিক্ষক আনিছা পারভীন, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ইমরান নাদিম, ছাত্রফ্রন্টের সভাপতি মাসুক হেলাল উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, গত ২৬ মে ভোরে ক্যাম্পাস-সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নাজুমল হাসান ও মেহেদি হাসান নামের দুই শিক্ষার্থী নিহত হন। ওই দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে পরদিন ২৭ মে বেলা পৌনে ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেলে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ভাঙচুর করেন। এ ঘটনায় ওই দিন রাতেই ৩১ জনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করে প্রশাসন।