শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, বিক্ষোভ
উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ এই ব্যানারে গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে এসব কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ চত্বর থেকে শুরু হয়। এতে বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী আয়েশা বলেন, ‘সেদিন ঘটনাস্থলে না থেকেও আমি হত্যাচেষ্টা মামলার আসামি হয়েছি।’
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি অলিউর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোহাম্মদ দিদার, থিয়েটারকর্মী আশিকুর রহমান।