শিক্ষার্থীদের বেতন বাড়ানোয় অভিভাবকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের স্কলার্সহোমে শিক্ষার্থীদের বেতন বৃদ্ধির প্রতিবাদে গতকাল মানববন্ধন করেন অভিভাবকেরা। ছবিটি নগরের শিবগঞ্জ ক্যাম্পাসের সামনে থেকে তোলা l প্রথম আলো
সিলেটের স্কলার্সহোমে শিক্ষার্থীদের বেতন বৃদ্ধির প্রতিবাদে গতকাল মানববন্ধন করেন অভিভাবকেরা। ছবিটি নগরের শিবগঞ্জ ক্যাম্পাসের সামনে থেকে তোলা l প্রথম আলো

সিলেট নগরে পৃথক ছয়টি ক্যাম্পাসের মাধ্যমে পরিচালিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর মাসিক বেতন হঠাৎ করে বাড়িয়েছে কর্তৃপক্ষ। আগামী জুন মাস থেকে জনপ্রতি শিক্ষার্থীর বেতন ১ হাজার ৪০০ থেকে ২ হাজার টাকা করা হয়েছে।
শিক্ষার্থীপ্রতি বেতন একসঙ্গে ৬০০ টাকা বাড়ানোয় স্কলার্সহোমের অভিভাবকদের ঘাড়ে মাসে প্রায় ৩৩ লাখ টাকার বাড়তি বেতনের বোঝা চেপেছে। এ অবস্থায় গতকাল বুধবার সকালে স্কলার্সহোমের ছয়টি ক্যাম্পাসে একযোগে মানববন্ধন করেছে ‘অভিভাবক ফোরাম’। বছরের মধ্যবর্তী সময়ে হঠাৎ বেতন বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বর্ধিত বেতন প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। অন্যথায় অভিভাবকেরা আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার প্রতিষ্ঠিত ‘হাফিজ মজুমদার ট্রাস্ট’-এর মাধ্যমে পরিচালিত হয় স্কলার্সহোম। ১৯৮৫ সাল থেকে ট্রাস্ট প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানও যাত্রা শুরু করে। নগরের শাহি ঈদগাহ, ইলেকট্রিক সাপ্লাই, পাঠানটুলা, শিবগঞ্জ, মেজরটিলা ও দক্ষিণ সুরমা এলাকায় ছয়টি ক্যাম্পাসে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫০০। একসঙ্গে ৬০০ টাকা বেতন বাড়ানোয়, তাও আবার বছরের মাঝামাঝি সময়ে হওয়ায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে গঠন করেছেন ‘অভিভাবক ফোরাম’। গতকাল সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে অভিভাবক ফোরামের উদ্যোগে শাহি ঈদগাহ, ইলেকট্রিক সাপ্লাই, পাঠানটুলা, শিবগঞ্জ, মেজরটিলা ও দক্ষিণ সুরমা এলাকায় স্কলার্সহোমের সামনে একযোগে মানববন্ধন হয়। যোগাযোগ করলে হাফিজ মজুমদার ট্রাস্টের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক কবির এইচ চৌধুরী বেতন বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাস্টের সিদ্ধান্তে বেতন বাড়ানো হয়েছে। এ নিয়ে অভিভাবকদের আন্দোলন প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ‘বেতন বেশি হলে এ নিয়ে এভাবে আন্দোলন করার তো কোনো মানে হয় না। এতে বরং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হবে।’