শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতেই একের পর এক হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘সরকার শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর বিরোধী দল পরীক্ষা চলাকালে হরতাল ডাকছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতেই একের পর এক হরতাল দিচ্ছে। তাই এ তৎপরতার বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হতে হবে। আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো রাজনীতি চাই না।’ সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে গতকাল বুধবার সকালে এক সুধী সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচতলাবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশ হয়। কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন পালের সভাপতিত্বে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনির উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বদরুল ইসলাম, ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, কলেজ পরিচালনা পরিষদ সদস্য শাহাব উদ্দিন আহমদ ও ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক আলতাউর রহমান বক্তব্য দেন।বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ একাধিক জাতীয় গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে জামায়াত-শিবির চক্র জাতিকে বিভ্রান্ত করার জন্য বারবার চেষ্টা চালিয়েছে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এই যাত্রায়ও কোনো লাভ হবে না। যুদ্ধাপরাধীদের বিচারকাজ হবে। কোনো অপশক্তি বাধা দিয়ে যুদ্ধাপরাধের বিচারকাজ আটকাতে পারবে না।