শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে উপাচার্যদের রাষ্ট্রপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে কেন্দ্রীয় বা আঞ্চলিকভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের পদক্ষেপ নিতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অষ্টম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিরাট ভোগান্তিতে পড়তে হয়। তিনি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে বিষয়টি দেখার আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, শিক্ষার্থীদের জন্য উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্টি করা সবার দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার্থীদের খাওয়া, থাকা ও যাতায়াতে বড় ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে।
রাষ্ট্রপতি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো কেবল শিক্ষার জায়গা নয়, মুক্তচিন্তা শিক্ষারও বিশাল ক্ষেত্র। সুতরাং সমকালীন বিশ্বের নানা বিষয়ে জানতে শিক্ষার্থীদের দৈনন্দিন অধ্যয়ন কাজের বাইরেও ছুটতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, সদস্য দিল আফরোজ বেগম এবং পুরস্কারপ্রাপ্ত আয়শা আক্তার ও প্রণব কুমার পাণ্ডে বক্তব্য দেন। মৌলিক গবেষণামূলক প্রবন্ধ ও বইয়ের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৯ জন গবেষককে ইউজিসি পুরস্কার ২০১৪ ও ২০১৫ দেওয়া হয়।