শিক্ষার্থীদের মধ্যে চাল, চিনি, সেমাই, কাপড় বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে প্রথম আলো-চরখিদিরপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গতকাল বুধবার ঈদের উপহারসামগ্রী হিসেবে চাল, চিনি, সেমাই ও নতুন কাপড় বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিদুল ইসলাম ও বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প ব্যবস্থাপক ডায়মন্ড জেসপার ঘাগরা। এ ছাড়া ইউপি সদস্য মো. মোস্তফা, কহিনুর বেগম, সাবেক সদস্য আবু আলম, শিক্ষানুরাগী মোসলেম উদ্দিন, রজত আলী, স্কুলটির প্রধান শিক্ষক আরিফ হোসেন, সহকারী শিক্ষক সোহেল রানা, নাসরীন খাতুন, মিল্লাত হোসেন, প্রথম আলো বন্ধুসভার সদস্য মাসুদ রানা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউএনওর পক্ষ থেকে ওই শিক্ষার্থীদের জন্য চিনি ও সেমাই, ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে পোলাওর চাল ও প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে নতুন কাপড়ের ব্যবস্থা করা হয়। উপহারসামগ্রী বিতরণ শেষে ইউএনও বিদ্যালয় প্রাঙ্গণে একটি আমগাছ ও একটি কাঠ করবীর চারা রোপণ করেন।
অনুষ্ঠানে ইউএনও বিচ্ছিন্ন এই চরাঞ্চলে শিক্ষার সম্প্রসারণের দায়িত্ব নেওয়ায় প্রথম আলোর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, রাজশাহী বিভাগীয় কমিশনারের উদ্যোগে এ স্কুলে তাঁরা সৌরপ্যানেল বসিয়ে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করে দিয়েছেন। পিছিয়ে পড়া এলাকার শিক্ষার মানোন্নয়নে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি।