শিক্ষার্থীদের মধ্যে ছাতা ও গাছের চারা বিতরণ
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে ১ হাজার ৩০৩ জন শিক্ষার্থীর মধ্যে গতকাল রোববার বিনা মূল্যে বিভিন্ন জাতের সাতটি করে গাছের চারা ও একটি করে ছাতা বিতরণ করেছে কলেজ কর্তৃপক্ষ।
ওই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, শিক্ষা কার্যক্রমের বাইরে সামাজিক ও পরিবেশ-সচেতন করে গড়ে তুলতে অনুপ্রেরণার অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে রঙিন ছাতা ও সাতটি করে বিভিন্ন জাতের গাছের চারা দেওয়া হয়েছে। এসব ছাতার ওপরের অংশে ‘বাল্যবিবাহ, যৌতুক ও মাদককে “না” বলুন’ স্লোগানটি লেখা রয়েছে। রোদ-বৃষ্টি থেকে বাঁচার পাশাপাশি শিক্ষার্থীরা এই ছাতা মাথায় দিয়ে যেখানেই যাক না কেন, ওই স্লোগানটি সবার নজরে আসবে। এটি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
মহাবিদ্যালয়ের বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন ও একই বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী বিনা বলে, ‘সামাজিক সচেতনতামূলক স্লোগানসমৃদ্ধ এ ধরনের ছাতা বিতরণ কর্মসূচি যদি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান অনুসরণ করে, তাহলে বাল্যবিবাহ, যৌতুক ও মাদককে “না” বলুন স্লোগানটি আরও বেশি মানুষ জানতে পেরে সচেতন হবে।’