শিক্ষার্থীদের মধ্যে থালা বিতরণ রিকশাচালকের
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দেবথৈল গ্রামে ক্ষুদ্র জাতিসত্তার গরিব শিক্ষার্থীদের মধ্যে খাবারের থালা বিতরণ করেছেন একজন রিকশাচালক। গতকাল মঙ্গলবার গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) পরিচালিত মিশনারিজ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিনি এসব থালা বিতরণ করেন।
ওই ব্যক্তির নাম তারা মিয়া (২৫)। তাঁর বাড়ি চকলেঙ্গুরা গ্রামে। তিনি প্রতিদিন রিকশা চালিয়ে একটি মাটির ব্যাংকে ১০ থেকে ২০ টাকা করে সঞ্চয় করেন। এ অর্থ দিয়ে তিনি এ ধরনের সহযোগিতা করে যাচ্ছেন।
থালা বিতরণ উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে বিদ্যালয়টির প্রাঙ্গণে সভা হয়। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ মানকিন সভাপতিত্ব করেন।
তারা মিয়া বলেন, ‘সংসারের অভাব-অনটনের জন্য আমি নিজে লেখাপড়া করতে পারিনি। বড় হয়ে বুঝেছি পড়ালেখা ছাড়া জীবনটা মূল্যহীন। তাই অসচ্ছল ছেলেমেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কিছু করার ইচ্ছা হয়। আমার মতো যেন তারা নিরক্ষর না থাকে।’ তিনি বলেন, প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে বারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ শিক্ষার্থীকে খাতা-কলম এবং নলুয়াপাড়া বিদ্যালয়ে ৩০ শিক্ষার্থীকে খাতা-কলম, একটি করে খেলার বল, সাতজন প্রতিবন্ধী শিশুকে টিফিন বক্স ও জামাকাপড়, চকলেঙ্গুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ শিক্ষার্থীকে একটি করে খাতা, কলম ও বল দিয়েছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এমদাদুল হক খান বলেন, তারা মিয়া সামান্য আয় করেও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর মতো বিত্তবানরাও যদি একটু করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে ছেলেমেয়েই শিক্ষার বাইরে থাকবে না।