শিক্ষার্থীদের মধ্যে মিল্ক ভিটার দুধ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীকে মিল্ক ভিটার তরল দুধ খাওয়ানো হয়েছে। মিল্ক ভিটা এবং জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে স্কুলের শিশুদের মধ্যে এই দুগ্ধ বিতরণ কর্মসূচি শুরু হয়।
মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর সভাপতিত্বে এই দুগ্ধ বিতরণে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।
অনুপম সেন বলেন, ভারতের মতো বাংলাদেশে দুধ উৎপাদন বৃদ্ধি করে শ্বেত বিপ্লব ঘটাতে হবে। সুস্থ-সবল উন্নত জাতি গঠনের জন্য নিয়মিত দুধ খাওয়ার সুযোগ থাকতে হবে৷
অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান তাহমিনা বানু বলেন, স্কুলগুলোতে টিফিন হিসেবে দুধ সরবরাহ করা গেলে ভবিষ্যৎ জাতি গঠনে ভালো ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি বাংলাদেশে এফএওর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মাইক রবসন বলেন, বিশ্বসেরা ব্যক্তিত্ব ও খেলোয়াড়েরা দুধ খেয়ে শক্তি ও মেধা বলে বিশ্বজয় করেছেন।
মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সবল ও মেধাবী জাতি গঠনে দুধের বিকল্প নেই। ব্যবসায়ী ও শিল্পপতিদের নিজ নিজ এলাকার স্কুলে দুগ্ধ বিতরণ কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।