নিজের ইচ্ছেমতো জীবন চালাতে গেলে আগে আনন্দ নিয়ে ভালোভাবে পড়াশোনা করতে হবে, শিক্ষার্থীদের মনের জানালা খুলে দিতে হবে। পরিপূর্ণ মানুষ সে-ই, যার সবকিছু সম্পর্কে ধারণা থাকে।
গতকাল শনিবার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসব ২০১৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।
উৎপল শুভ্র বলেন, চিরায়ত সংবাদপত্রের সংজ্ঞা থেকে বেরিয়ে এসে এমন কাজ করতে হবে, যাতে দেশ বদলে যায়, সমাজ বদলে যায়। আর এ কারণেই ভালো যেকোনো কাজের সঙ্গে প্রথম আলো যুক্ত থাকে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হাসান আহমেদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে। তরুণেরাই জাতির ভবিষ্যৎ, তারা ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে, তাই তরুণদের ব্যর্থ হতে দেওয়া যাবে না।
সহকারী প্রধান শিক্ষক ব্রাদার ভিক্টর বিকাশ রোজারিও বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সাহায্য করে। তার্কিক হতে গেলে মনে চেতনা আনতে হবে, আর এই চেতনাকে বাস্তবায়ন করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানকে আন্তরিক হতে হবে।
অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ ব্রাদার রবি থিওডোর পিউরিফিকেশন বলেন, শুধু পরীক্ষার নম্বর দিয়ে যোগ্যতা পরিমাপ করা যায় না। ভালো মানুষ হতে হলে জ্ঞান, গুণ, ন্যায্যতার ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করতে হবে।
২৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় শিশু, স্কুল এবং কলেজ পর্যায়ের বিতর্কে চ্যাম্পিয়ন হয় যথাক্রমে সেন্ট গ্রেগরি হাইস্কুল, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ এবং ঢাকা কলেজ। শিশু, স্কুল, কলেজ পর্যায়ে বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় সেন্ট গ্রেগরি স্কুলের শিক্ষার্থী মো. ইশহাক ইবতিদা, সেন্ট জোসেফ স্কুলের সাকিফ আল এহসান খান ও শাইয়ান সাদিক ইশতি। অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন।