শিক্ষার্থীদের সুন্দর জীবন নষ্ট করতে একটি চক্র তাদের মধ্যে মাদক ছড়িয়ে দিচ্ছে। এ ষড়যন্ত্র রুখতে সব শ্রেণি-পেশার মানুষকে একজোট হতে হবে।
হবিগঞ্জের বাহুবল উপজেলার আলিফ সোবহান চৌধুরী সরকারি ডিগ্রি কলেজে গতকাল সোমবার মাদকবিরোধী এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশের যৌথ আয়োজক ছিল হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ কর্তৃপক্ষ। সমাবেশে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের কয়েক শ শিক্ষার্থী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য ফজলুর রহমান চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কেয়া চৌধুরী বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দেয়। দেশে একদিকে যেমন শিক্ষার প্রসার ঘটছে, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে মাদকসংশ্লিষ্ট একটি চক্র। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।