শিক্ষার্থীদের মানববন্ধনে হামলায় ছাত্রী আহত, সড়ক অবরোধ
নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বিরোধপূর্ণ জমি দখলের প্রতিবাদে মানববন্ধন চলাকালে ওই স্কুলের ছাত্রীদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
এতে রোজিনা আক্তার নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রী আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদেরও লাঞ্ছিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রতিবাদে প্রায় আধা ঘণ্টা সেনবাগ-সোনাইমুড়ী সড়ক অবরোধ করে রাখে ছাত্রীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনবাগ-সোনাইমুড়ী সড়কসংলগ্ন ওই স্কুলের সামনের একটি জমির মালিকানা নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় মৃত বাদশা মিয়ার ওয়ারিশদের বিরোধ চলে আসছে। গত শুক্রবার স্কুল বন্ধ থাকার সুযোগে বাদশা মিয়ার ওয়ারিশেরা সেখানে একটি অস্থায়ী দোকানঘর নির্মাণ করে জমিটি দখলে নেন। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। গতকাল বেলা ১২টার দিকে এর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলের সামনের সড়কে মানববন্ধন করেন। কর্মসূচি চলাকালে হঠাৎ একদল যুবক এসে তাঁদের ওপর হামলা চালান এবং শিক্ষার্থীদের লাঞ্ছিত করেন। হামলায় অষ্টম শ্রেণীর ছাত্রী রোজিনা আক্তার আহত হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থীরা বিরোধপূর্ণ জমিতে নির্মাণ করা দোকানঘরটি ভাঙচুর করেন এবং হামলার প্রতিবাদে সড়কে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।