শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে পারলে দেশ আলোকিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার মানের উন্নতি মানে শিক্ষার্থীদের নৈতিক বোধের উন্নয়ন। তাদের মানসিক বিকাশ ঘটাতে পারলেই দেশ আলোকিত হয়ে উঠবে। গতকাল শনিবার বিকেলে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আমেনা-বাকী মহাবিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠা হয়, ওই অঞ্চলের অন্ধকার দূর হয়ে যায়। একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক বিশ্বে নতুন মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের যেন দেশের ইতিহাস, ঐতিহ্য-সংস্কৃতি বিষয়ে অনানুষ্ঠানিক হলেও পাঠদানের এবং চর্চার ব্যবস্থা থাকে, এ ব্যাপারে প্রতিশ্রুতিশীল হতে তিনি আয়োজকদের আহ্বান জানান।
উপাচার্য বলেন, কেবল জিপিএ-৫ পেলে হবে না, শিক্ষার্থীরা যেন সাহস, সততা, নিষ্ঠা ও দেশপ্রেম ধারণ করে বড় হতে পারে। তাদের সবাইকে প্রজ্ঞাবান হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখাতে হবে। ভালো, সুন্দর, সফল ও সুনাগরিক হওয়ার স্বপ্ন। তবেই তারা সুন্দর বাংলাদেশ গড়তে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেনা-বাকী ফাউন্ডেশনের সভাপতি আমজাদ হোসেন। অন্যান্যের মধ্যে সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, বিটিভির সাবেক প্রযোজক নওয়াজিশ আলী খান, ধরিত্রী বাংলাদেশের সম্পাদক হারুন-অর-রশিদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক মহাপরিচালক কাজী শহীদুল আলম, ভারতের প্রখ্যাত চিকিৎসক প্রত্যুষ চট্টোপাধ্যায়, আমেনা-বাকী মহাবিদ্যালয়ের পরিচালক (শিক্ষা) শামসুল হক মণ্ডল এবং স্কুল ব্যবস্থাপনা পরিষদের সদস্য শামসুল হক বক্তব্য দেন।
কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, ১০ একর জমির ওপর প্রতিষ্ঠিত মহাবিদ্যালয়টির প্রশস্ত খেলার মাঠ, সুপরিসর শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও আধুনিক কম্পিউটার শ্রেণিকক্ষের সুবিধা রয়েছে। প্রথম বর্ষে বিজ্ঞান বিভাগে ৮১ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো।
দেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন আমজাদ আলী ও তাঁর পরিবারের সদস্যদের উদ্যোগে ২০০১ সালে চিরিরবন্দর উপজেলায় প্রতিষ্ঠিত আমেনা-বাকী ফাউন্ডেশনের অধীন আমেনা-বাকী রেসিডেনসিয়াল মডেল স্কুল প্রতিষ্ঠা করা হয়। এর সাফল্যের ধারাবাহিকতায় গতকাল শনিবার আমেনা-বাকী মহাবিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মতবিনিময়: গত শুক্রবার রাতে দিনাজপুর সার্কিট হাউসে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দিনাজপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারলে বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়া সম্ভব হবে না।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিষদের জেলা শাখার উপদেষ্টা দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন, পরিষদের জেলা শাখার উপদেষ্টা শিরিন ইসলাম, সহসভাপতি ত্রিপতী সিকদার, আবুল কালাম আজাদ ও নুরছাবা বেগম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক ও কোরাইশি দুলাল, মহিলা সম্পাদক হাসিনা আক্তার।