শিক্ষার্থীদের মারধর, কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আটক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রংধনু কিন্ডারগার্টেন অ্যান্ড মডেল হাইস্কুলের আট শিক্ষার্থীকে প্রচণ্ড মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে সেলিম হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ শহিদুল ইসলাম ওরফে শাহিনকে গ্রেপ্তার করেছে।
গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় চলাকালীন এই ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয় দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
মামলার বিবরণ, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির সাত ছাত্র ও সপ্তম শ্রেণির এক ছাত্র মিলে বিদ্যালয়ের প্রসাধনকক্ষে (ওয়াশরুম) যায়। নিজ কার্যালয়ের সিসি ক্যামেরায় এই দৃশ্য অধ্যক্ষের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ওই প্রসাধনকক্ষে ঢুকে শিক্ষার্থীদের মারপিট করেন। অধ্যক্ষের কিল-ঘুষিতে ক্যানসার ও হৃদ্রোগে আক্রান্ত দুই ছাত্র সাদিকুল হক ও আশিকুল ইসলাম ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে অভিভাবক ও স্থানীয় লোকজন গিয়ে আহত ছাত্রদের উদ্ধার করেন।
এই খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়টিতে ভাঙচুর চালান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অধ্যক্ষকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যান।
আহত শিক্ষার্থীদের মধ্যে সাদিকুল হক, আশিকুল ইসলাম, তাওহিদুর রহমান অভিযোগ করে বলে, শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন শৌচাগারে যায় ও বাকিরা মুখমণ্ডল ধুতে শুরু করে। এ অবস্থায় আকস্মিকভাবে অধ্যক্ষ এসে শিক্ষার্থীদের কিল-ঘুষি, এলোপাতাড়িভাবে লাথি মারতে থাকেন। এতে তারা দুজন জ্ঞান হারিয়ে ফেলে।
সাদিকুলের বাবা আয়নুল হক বলেন, ছেলেটিকে দুমাস আগে ভারত থেকে অস্ত্রোপচার করিয়ে এনেছেন। এখনো তার কেমোথেরাপি চলছে। এটা জেনেও অধ্যক্ষ সদয় না হয়ে তাকে বেদম পিটিয়েছেন। এতে ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমানে সে একটু সুস্থ হলেও আতঙ্কিত হয়ে পড়েছে।
মামলার বাদী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাওহিদুর রহমানের বাবা সেলিম হোসেন অভিযোগ করেন, ‘মাস খানেক আগে আমার ছেলেটির হাত ভেঙে গেলে তার হাতে অস্ত্রোপচার করা হয়। বিষয়টি শিক্ষকদের বলা হয়েছে। তারপরও তাকে বেদম প্রহর করা হয়েছে।’
সাবেক পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম বলেন, রংধনু কিন্ডারগার্টেন শিক্ষার চেয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে এলাকায় বেশি পরিচিত। এটির পঞ্চম শ্রেণি পর্যন্ত অনুমোদন থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করে পাঠদান করা হচ্ছে। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদের সাহস পায় না। তাঁরা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ম্যানেজ করে সবকিছু করছেন।
শহিদুল ইসলাম বলেন, ‘এই প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী ভালো ফল করে। যে কারণে তাদের নিয়মের মধ্যে রাখা হয়। অন্যায় করলে শিক্ষক হিসেবে আমি শাসন করতেই পারি। এটি অন্যায় কিছু নয়।’ তবে তাদের চড়-থাপ্পড় দেওয়াটা অন্যায় হয়েছে বলে তিনি স্বীকার করেন।
শাহজাদপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বিশ্বাস জানান, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অধ্যক্ষকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।