শিক্ষার্থীদের মারধরের ঘটনায় মামলা
ফেনীর সোনাগাজী উপজেলার মানুমিয়ার হাট এলাকার হাজী রহিম উল্লাহ উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত ও শিক্ষার্থীদের মারধরের ঘটনায় সোনাগাজী থানায় দেওয়া লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এদিকে নিরাপত্তাহীনতার কারণে গতকাল শনিবারও শিক্ষকেরা বিদ্যালয়ে যাননি।উল্লেখ্য, মেজবাহ উদ্দিন ওরফে ব্যারিস্টার ও মোশারফ হোসেন নামের স্থানীয় দুই যুবক হাজী রহিম উল্লাহ উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে তাঁদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধান শিক্ষকের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। কিন্তু প্রধান শিক্ষক তাঁদের নাম অন্তর্ভুক্ত না করায় তাঁরা ক্ষিপ্ত হয়ে গত বুধবার বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস ও জ্যেষ্ঠ শিক্ষক আবুল বাশারকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় শিক্ষার্থীরা ওই দুজনকে ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। বেলা দেড়টার দিকে তাঁরা দলবলসহ ফিরে এসে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হয়।