‘শিক্ষার্থীদের আধুনিক, পরিশীলিত ও যুক্তিনির্ভর মানুষ হতে হবে, মুক্তবুদ্ধির চর্চা করতে হবে। যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন থাকবে, তবে সে ক্ষেত্রে ক্লাস-পরীক্ষা যাতে বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।’গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় উপাচার্য মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন।গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় ২৫-৩০ জন শিক্ষার্থী নানা বিষয়ে তাঁদের অভিমত ব্যক্ত করেন। তাঁরা শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি, ভর্তি ফরমের মূল্য কমানো, নিয়মিত ক্লাস-পরীক্ষা, আবাসিক হলগুলোর সংস্কার, নতুন আবাসিক হল নির্মাণ, স্নাতকোত্তর পর্বে ক্লাসে উপস্থিতির নম্বর বাতিল, শিক্ষার্থীদের গবেষণায় অর্থ বরাদ্দসহ ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানান। পরে উপাচার্য ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরেন। এছাড়া অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগ, হল ও বিভিন্ন কার্যালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং দ্রুত তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভাগীয় সভাপতি, বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাসহ সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে সমস্যা নির্ণয় ও তা সমাধানের পথ বের করা হবে এবং সেটি করা হবে সবার সমিঞ্চলিত প্রচেষ্টার মধ্য দিয়ে।’