শিক্ষার্থীদের মুঠোফোনে শিবিরের খুদেবার্তা
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে ‘না’ ভোট দেওয়ার জন্য মুঠোফোনে খুদেবার্তা পাঠানো হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত এ বার্তা পাঠানো হয়।অনুসন্ধানে জানা গেছে, কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা ও কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক ছাত্রের মুঠোফোনে পাঠানো বার্তাটি হলো: চ্যানেল ২৪-এ জরিপ চলছে, আল্লামা সাঈদীর ফাঁসির রায়ে ‘না’ ভোট লিখুন এবং পাঠিয়ে দিন ২২৩৩ নম্বরে। গতকাল শনিবার বার্তাটি ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের কমপক্ষে ৪০ জন শিক্ষার্থীর মুঠোফোনে দেখা যায়। উপজেলা ছাত্রশিবিরের অর্থবিষয়ক সম্পাদক এম এ সাঈদ মুঠোফোন থেকে ওই শিক্ষার্থীদের কাছে বার্তাটি পাঠান। নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রের অভিযোগ, তাদের ওই বার্তাটি ২২৩৩ নম্বরে পাঠাতে বাধ্য করা হয়েছে। লুৎফর রহমান নামের এক অভিভাবক বলেন, ইসলাম সহিংসতা পছন্দ করে না। তিনি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।এ বিষয়ে শিবির নেতা এম এ সাঈদ জানান, কেন্দ্রের নির্দেশে তিনি এ কাজ করেছেন। তাঁর মাধ্যমে ২২৩৩ নম্বরে কমপক্ষে দুই হাজার বার্তা পাঠানো হয়েছে বলে তিনি দাবি করেন।