শিক্ষার্থীরা যাতে তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে, সে জন্য পাঠ্যক্রমবহির্ভূত কর্মকাণ্ডের ওপর জোর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
গত মঙ্গলবার রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। খবর বাসসের।
রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্ব পরিবেশ এবং বর্তমান প্রতিযোগিতামূলক অবস্থা বিবেচনায় যথাযথ শিক্ষা নিশ্চিত করতে উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতা অর্জন করা দরকার। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থী ও গবেষকেরা তাঁদের উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল শেখ মামুন খালেদ। তিন বাহিনীর প্রধানেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিইউপি বেজমেন্টসহ একটি ছয় তলা শিক্ষা ভবন ও ছয় তলা একটি প্রশাসনিক ভবন নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি ৫২ লাখ টাকা।