ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
শিক্ষার্থীদের যুদ্ধদিনের কথা শোনালেন মুক্তিযোদ্ধারা
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালের ২৬ মার্চ আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। প্রথমে চট্টগ্রামের মুক্তিকামী তরুণেরা সংগঠিত হয়ে পরিকল্পনা করি। তারপর প্রশিক্ষণের জন্য ভারতে চলে যাই। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে সম্মুখসমরে অংশ নিই। আর নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করে যাই। ’৭১-এ হয়তো মারা যাইনি। কিন্তু এরপরও এই জীবনটাকে অতিরিক্ত জীবন হিসেবে ভাবি।’
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে ছাত্রীদের সামনে এভাবে নিজেদের যুদ্ধদিনের স্মৃতিচারণা করেন চট্টগ্রামের তিন মুক্তিযোদ্ধা। তাঁরা হলেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার সাহাবুদ্দিন আহমদ, ডেপুটি কমান্ডার এ কে এম সরওয়ার কামাল ও সহকারী কমান্ডার (প্রচার) নাছির উদ্দিন। বিদ্যালয় কর্তৃপক্ষ ‘মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও গল্প বলা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।
মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমদ বলেন, ‘পাহাড়-পর্বত, নদ-নদী ডিঙিয়ে যুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতে চলে যাই। সেখানে বেশ কিছুদিন প্রশিক্ষণ শেষে আমরা অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করি এবং প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিই। কুমিরায় সম্মুখযুদ্ধে অংশ নিয়ে বিভিন্ন কালভার্ট উড়িয়ে দিই, যাতে পাকিস্তানিরা চট্টগ্রামে প্রবেশ করতে না পারে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে প্রতিবছর একবার এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।