শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে এবার চিফ হুইপকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক আয়োজন আর শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে গতকাল শুক্রবার পটুয়াখালীর বাউফলে সংবর্ধনা দেওয়া হয়েছে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজকে। তাঁকে অভিনন্দন জানাতে তৈরি করা হয়েছিল দেড় শতাধিক তোরণ।
বাউফল উপজেলা সদরের সরকারি পাবলিক মাঠে এই সংবর্ধনার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ খান।
চিফ হুইপের নিজ এলাকা বাউফলে আগমনকে কেন্দ্র করে উপজেলার বগা লঞ্চঘাট এলাকা থেকে কালাইয়া বন্দর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক সাজানো হয়েছে নানা রঙের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে। তৈরি করা হয় ১৫০টি তোরণ।
অভিযোগ উঠেছে, স্থানীয় সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ওপর চাপ সৃষ্টি করে এবং শিক্ষকদের টাকা খরচ করে ব্যানার-ফেস্টুন তৈরি করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উপস্থিত হতে বাধ্য করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কলেজের এক শিক্ষক বলেন, চিফ হুইপ তাঁদের কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি। তাই তাঁকে খুশি করতে লক্ষাধিক টাকা ব্যয়ে বাহারি রঙের প্রায় ১০০ ফেস্টুন ও বিশাল তোরণ তৈরি করা হয়েছে।
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক আবদুল মোতালেব হাওলাদার দাবি করেন, চিফ হুইপকে সমঞ্চান জানাতে দলীয় নেতা-কর্মী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা নিজেদের উদ্যোগে সব আয়োজন করেছেন। এ বিষয়ে বা শিক্ষার্থীদের সড়কে দাঁড় করাতে কাউকে চাপ দেওয়া হয়নি।
সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে চিফ হুইপ ফিরোজ বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে বাংলাদেশ জঙ্গি দেশে পরিণত হতো। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। সেটা বুঝতে পেরেই তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে।