শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় না করাতে পরিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রতিনিধিদের সংবর্ধনার জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। গতকাল সোমবার এ বিষয়ে পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়েছে, এভাবে ছাত্রছাত্রীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একই বিষয়ে বিগত মহাজোট সরকারের সময়ে নিজেদের জারি করা পরিপত্রের কথা গতকাল মনে করিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে দেশের ৩৪ বিশিষ্টজন এক বিবৃতিতে শিক্ষা কার্যক্রমবহির্ভূত কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ব্যবহার বন্ধে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন এলাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদের সংবর্ধনার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এ নিয়ে পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলেছে, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও পদস্থ কর্মকর্তারা বিভিন্ন জেলা, উপজেলা বা বিভিন্ন স্থান পরিদর্শনে গেলে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে এবং শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ রেখে সংবর্ধনা দেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। পরিপত্রে বলা হয়, এসব সংবর্ধনা অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে রাস্তায় দাঁড় করিয়ে রাখার ফলে একদিকে যেমন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের ওপর বিরূপ শারীরিক ও মানসিক চাপ পড়ছে। বিষয়টি সুষ্ঠু শিক্ষার পরিবেশকে বাধাগ্রস্ত করছে, যা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রীর আহ্বান: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশিষ্টজনদের সম্মান জানানোর জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রছাত্রীদের ক্লাস বন্ধ করে রাস্তায় দাঁড় করিয়ে না রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ২০১৫ শিক্ষাবর্ষে বিনা মূল্যের পাঠ্যপুস্তকের নির্ভুল চাহিদা নিরূপণের ওপর কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, রোদে-বৃষ্টিতে ছাত্রছাত্রীদের স্কুল-কলেজের বাইরে রাস্তায় দাঁড় করিয়ে রাখলে তাদের ক্লাসের যেমন ক্ষতি হয়, তেমনি তাদের অনেক কষ্ট হয়। অনেকে অসুস্থ হয়ে পড়ে।
এনসিটিবির চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।
৩৪ বিশিষ্টজনের বিবৃতি: গতকাল বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযানের প্যাডে পাঠানো ৩৪ বিশিষ্টজনের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু মন্ত্রী ও সাংসদের নিজ এলাকায় তাঁদের সংবর্ধনার জন্য এলাকার বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে। শিক্ষাবহির্ভূত এ ধরনের কাজে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য শিক্ষকদেরও বাধ্য করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা ঘটছে। এটা অমানবিকও। তাঁরা আশা করেন, শিগগির এ ধরনের অমানবিক কর্মকাণ্ড নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন ঘটবে।
বিবৃতিতে সংবর্ধনার নামে শিশু-কিশোরদের রাস্তার পাশে দাঁড় না করিয়ে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, নীতিনির্ধারক, রাজনৈতিক নেতা-কর্মী, স্থানীয় প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন অধ্যাপক আনিসুজ্জামান, জামিলুর রেজা চৌধুরী, ফারুক আহমেদ চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম, কাজী খলীকুজ্জমান আহমদ, এ কে এম নূর-উন-নবী, সেলিনা হোসেন, মুহম্মদ জাফর ইকবাল, ইফতেখারুজ্জামান, সৈয়দ আবুল মকসুদ, খোন্দকার ইব্রাহিম খালেদ, সৈয়দ মনজুরুল ইসলাম, এম এম আকাশ, রাশেদা কে চৌধুরী, আব্দুল করিম, শাহীন আনাম, বদিউল আলম মজুমদার, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, সৈয়দা রিজওয়ানা হাসান, ইলিয়াস কাঞ্চন, ইনাম আল হক, খুশী কবীর, মামুনুর রশীদ, আরমা দত্ত, মেসবাহ কামাল, মনজুর আহমেদ, শফি আহমেদ, প্রতিমা পাল মজুমদার, এ আই মাহবুব উদ্দিন আহমদ, এজাজুল ইসলাম, মুসা ইব্রাহীম, নিশাত মজুমদার ও এম এ মুহিত।