শিক্ষার্থীদের রোদে রেখে অতিথি বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত কিছুর পরও শিক্ষকদের দায়িত্বহীন কর্মকাণ্ড থেমে নেই। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পরও গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে প্রধান অতিথিকে বরণ করতে দীর্ঘক্ষণ রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে শিক্ষার্থীদের। গতকাল শনিবার সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলািময়া উচ্চবিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীকে সকাল ১০টা ৪০ মিনিট থেকে এক ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখা হয়৷
বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয় চত্বরে নতুন ভবনের উদ্বোধনের জন্য গতকাল বেলা ১১টার দিকে অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ কিন্তু প্রধান অতিথি সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আবদুল মজিদ মণ্ডল ৩৫ মিনিট দেরিতে বিদ্যালয়ে পেঁৗছান৷ তাঁকে বরণ করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের মিয়া এবং সিরাজুল ইসলামসহ কয়েকজন শিক্ষক সকাল ১০টা ৪০ মিনিট থেকে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখেন৷ পরে বেলা ১১টা ৩৫ মিনিটে প্রধান অতিথি বিদ্যালয়ে এলে শিক্ষার্থীরা রেহাই পায়৷
এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি এবং স্থলপাকড়াশী ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল খালেক এবং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রেখে অতিথি বরণের রেওয়াজ অবৈধ। যেসব শিক্ষক এসব কাজ করছেন তাঁরা কাণ্ডজ্ঞানহীন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল বাতেন বলেন, ‘শিক্ষার্থীদের রোদে রেখে অতিথি বরণ নিন্দনীয় কাজ। আমি থাকলে এটা কখনোই করতে দিতাম না।’
আবদুল কাদের মিয়া বলেন, ‘আমরা বাইরে নয়, স্কুল চত্বরের ভেতরে অতিথি বরণ করতে ছাত্র-ছাত্রীদের অল্প সময় দাঁড় করিয়ে রেখেছিলাম৷’