প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি বন্ধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে টাঙিয়ে দেওয়া হবে, যাতে সবাই দেখতে পারেন। একই সঙ্গে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিদ্যমান আচরণ বিধিমালা মানার জন্য যোগদানের সময় একটি কাগজে সই করতে হবে। আর পুরোনো শিক্ষকদের ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল রোববার সচিবালয়ে এসব কথা বলেন। গণসাক্ষরতা অভিযান, সেভ দ্য চিলড্রেন ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষ থেকে ‘শিশুদের ওপর শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ’ শীর্ষক এক আলোচনা সভার সুপারিশ মন্ত্রীর কাছে জমা দিলে পরে মন্ত্রী এসব কথা বলেন।
এই তিন সংস্থার এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল গত ডিসেম্বরে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, এ-সংক্রান্ত পরিপত্র টাঙিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হচ্ছে। শিগগিরই এটা হয়ে যাবে।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, মন্ত্রী তাৎক্ষণিকভাবে তিনটি বিষয় বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এ ছাড়া মন্ত্রী বলেছেন, শারীরিক শাস্তি দেওয়া-সংক্রান্ত বিষয়ে প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ের সমন্বয় সভায় আলোচনা করে শিশুবান্ধব পরিবেশ করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ব্লাস্টের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী সারা হোসেন।