শিক্ষার্থীদের শেখাতে হবে দুর্নীতিকে 'না' বলতে
নরসিংদীর শিবপুরে দুর্নীতিবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল শনিবার উপজেলার কামারটেক সবুজ পাহাড় ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ফরিদ আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে সততা সংঘ ছাড়াও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা বলেন, দেশ থেকে দুর্নীতি দূর করতে হলে সর্বস্তরে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের দুর্নীতিকে ‘না’ বলতে শিখতে হবে।
দুদকের মহাপরিচালক ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, দুর্নীতি উন্নয়নের জন্য বড় বাধা। দুর্নীতি রোধ করা গেলে জিডিপির ২ শতাংশ প্রবৃদ্ধি হবে। এ কারণে সারা দেশে দুর্নীতিবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের ধরা হচ্ছে। ভবিষ্যতে দুদকের অভিযান আরও জোরালো করা হবে।
সভায় অন্যদের মধ্যে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান, দুদকের পরিচালক নাসিম আনোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আফসার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেন।