শিক্ষার্থীদের সংঘর্ষের পর নোয়াখালী ম্যাট্স বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয়ে (ম্যাট্স) দুই দল শিক্ষার্থীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। ডাইনিংয়ে বিনা পয়সায় খাওয়াকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত এই সংঘর্ষ চলে। এ ঘটনায় বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হলের ডাইনিংয়ে বিনা পয়সায় খাওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় বর্ষের মাহফুজ ও তৃতীয় বর্ষের সোহেলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মাহফুজ তাঁর হাতে থাকা খাবারের প্লেট সোহেলের দিকে ছুড়ে মারেন। এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর দুইটার দিকে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নাম প্রকাশ না করার শর্তে তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী জানান, তাঁদের সহপাঠীদের ওপর হামলা চলাকালে বহিরাগত কিছু যুবকও রড, লাঠিসোঁটা নিয়ে হামলায় অংশ নেন। পুলিশ আসার পর ওই সব বহিরাগত পালিয়ে গেলেও তাঁরা পুনরায় হামলার আতঙ্কে আছেন।এদিকে গতকাল বিকেল পাঁচটায় পরিচালনা কমিটির জরুরি বৈঠকে বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৈঠকে গতকাল রাত আটটার মধ্যে ছাত্রদের এবং আজ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।