শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের সভা সিদ্ধান্ত ছাড়া শেষ
২৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন গতকাল বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো অব্যাহত ছিল। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের সভা গতকাল কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
মেডিকেল কলেজের শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীসূত্রে জানা গেছে, কলেজের অচলাবস্থা নিরসনে গতকাল দুপুর ১২টার দিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক (শিক্ষা) আবদুর রশিদের উপস্থিতিতে চিকিৎসক নেতাদের সঙ্গে শিক্ষার্থীদের কলেজে এক সভা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কাজী হাবিবুর রহমান।
রুহুল হক বলেন, গত বুধবার এ কলেজে সাতশিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে হাসপাতাল আংশিক চালু করবেন। এ ছাড়া আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ ২৫০ শয্যা হাসপাতাল চালু করার ব্যবস্থা করবেন। ওই বক্তব্যের পর ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বলা হয়, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। একপর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।