
দখলে থাকা তিব্বত হলসহ ১০টি হল উদ্ধারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় ও নয়াবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। এরপর শিক্ষার্থীরা ইসলামপুরে স্বতন্ত্র সাংসদ হাজি সেলিমের দখলে থাকা তিব্বত হল দখলে রওনা হন। পথে বাংলাবাজার মোড়ে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে শিক্ষার্থীরা এগিয়ে যান। বেলা ১১টার দিকে ইসলামপুরের পাটুয়াটুলি এলাকায় পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রচুর পুলিশ অবস্থান করছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কিছুক্ষণ পর পর ক্যাম্পাসের ভেতরে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ছে পুলিশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে এ পর্যন্ত অর্ধশত শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিয়া ইসলাম জানান, ছাত্রীদের কমনরুমেও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে। এতে অন্তত ৮০ জন ছাত্রী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা দাবি করেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাই তাঁদের বাধা দেওয়া হচ্ছে না।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের ভাষ্য, শিক্ষার্থীরা যদি হল দখলে যান, তবে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ বাধবে। জানমাল রক্ষার্থে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হচ্ছে।