শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল গাছের গুঁড়ি ফেলে কুমিল্লা-কোটবাড়ী সড়ক অবরোধ করেন ষ প্রথম আলো
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল গাছের গুঁড়ি ফেলে কুমিল্লা-কোটবাড়ী সড়ক অবরোধ করেন ষ প্রথম আলো

ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা বৃদ্ধি ও বেতন-বৈষম্য দূর করার দাবিতে গতকাল রোববার সকালে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করে। ওই সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে চার পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
একই দাবিতে গতকাল হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষকেরা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শিক্ষকসহ ১৫ জন ছাত্র আহত হয়। এর মধ্যে গুরুতর আহত চারজনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা বৃদ্ধি ও বেতন-বৈষম্য দূর করার দুই দফা দাবিতে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের জন্য প্রতিষ্ঠানে জড়ো হয়। এরপর পাঁচ শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে কোটবাড়ী সড়কের চাঙ্গিনী মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে মহাসড়কের নন্দনপুর এলাকার উদ্দেশে রওনা হয়। একই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় যায়। সেখানে কাঠের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। উত্তেজিত শিক্ষার্থীরা ওই সময়ে কমপক্ষে ১০টি বাস ও ট্রাক ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১৮টি গুলি ছোড়ে। এতে ছয় শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের ইটের আঘাতে পুলিশের চার সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ এসে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এরই মধ্যে মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আমরা শটগানের ১৮টি ফাঁকা গুলি ছুড়ি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।’ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান জানান, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। দীর্ঘদিন থেকেই ওই দাবি পূরণ হচ্ছে না।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দুলিয়াখাল-মিরপুর রাস্তায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা শাখার ব্যানারে অবরোধ কর্মসূচি পালন করে। বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এম ডি আমিনের সভাপতিত্বে সমাবেশ হয়। সমাবেশ শুরুর কিছু সময়ের মধ্যেই হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ সমাবেশস্থলে উপস্থিত হয় এবং শিক্ষার্থীদের রাস্তা থেকে অবরোধ তুলে নিতে বলে। এ নিয়ে পুলিশের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে পুলিশ তাদের লাঠিপেটা করে। শুরু হয় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির শিক্ষক সাইদুর রহমান, ইলেকট্রনিক বিভাগের শিক্ষক নাজমুল হাসানসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক বলেন, অবরোধকালে রোগীর গাড়ি ছেড়ে দেওয়ার কথা বললে ছাত্ররা অটোরিকশা ও পুলিশের ওপর হামলা চালায়। তাই পুলিশ বাধ্য হয়ে লাঠিপেটা করে।