রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা ক্যাম্পাসে মানববন্ধন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার মহানগরের মতিহার থানায় মামলা হয়েছে। পুলিশের ওপর হামলা ও রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলাটি করেন মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান। আর ওই ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তড়িত্ কৌশল বিভাগের শিক্ষা সমাপনী উত্সবে শোভাযাত্রার একটি ঘোড়ারগাড়িতে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসসংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করলে তাঁদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিকসহ অর্ধশত আহত হন।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কতজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তা জানা যায়নি। তিনি বলেন, তদন্তের স্বার্থে শিক্ষার্থীদের নাম বলা যাচ্ছে না। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, অবিলম্বে মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেনের পদত্যাগ, হামলার ঘটনায় দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি, রাজশাহী রুটে শ্যামলী পরিবহনের বাস চলাচল বন্ধসহ আহত শিক্ষার্থীদের চিকিত্সার ব্যয় বহনের দাবিতে শিক্ষার্থীরা দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত ক্যাম্পাসে মানববন্ধন করেন। প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষার্থী আল-আমিন, ফয়সাল সাংবাদিকদের বলেন, দাবি বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।