শিক্ষার্থীদের সচেতন করা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে সচেতন করা হয়। এর আগে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক একটি মৌন শোভাযাত্রাও বের করা হয়।

গতকাল বুধবার এসব কর্মসূচি পালিত হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় শত শত শিক্ষার্থী অংশ নেন। মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আল-মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর।

শুরুতেই প্রধান আলোচক রাজধানীর সোবাহানবাগ জামে মসজিদের খতিব শাহ মো. ওয়ালীউল্লাহ বলেন, ইসলাম কখনো জঙ্গি কার্যক্রম সমর্থন করে না। এরা ইসলামকে পরিপূর্ণভাবে বোঝে না, কোরআন-হাদিস পড়ে না। নিরপরাধ মানুষ হত্যা ইসলামের দৃষ্টিতে অন্যায়, অত্যাচার, অবিচার ও অমানবিক কাজ। অস্ত্র দেখিয়ে, মারামারি করে, খুন করে ইসলাম কাউকে ধর্ম প্রতিষ্ঠা করতে বলে না। ধর্মমন্ত্রী বলেন, ইসলাম সন্ত্রাসবাদকে অনুমোদন দেয় না। বিভ্রান্ত বা হতাশ হয়ে কোনো শিক্ষার্থী যেন বিপথে পা না বাড়ান। তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের সম্পর্কে আরও যত্নবান ও সতর্ক হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের মেধা, মনন ও তারুণ্য দিয়ে জঙ্গিবাদকে প্রতিহত করার পরামর্শ দেন মন্ত্রী।

উপাচার্য আলী আকবর বলেন, বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৎপরতা ঠেকাতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। জঙ্গিবাদের বিভিন্ন কুফল তুলে ধরে তিনি শিক্ষার্থীদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য শিক্ষকদের নির্দেশ দেন। তিনি বলেন, যে শিক্ষার্থীরা মানুষের অন্ন জোগাতে পড়াশোনা করে, তারা কোনোভাবেই জঙ্গি-সন্ত্রাস কার্যক্রমে লিপ্ত হতে পারে না। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. জসিমউদ্দিন খান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। সভা সঞ্চালনা করেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. আলমগীর হোসেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি: রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে এবং দেশব্যাপী ধর্মান্ধ, মৌলবাদী ও জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সারওয়ার জাহানের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান ও কোষাধ্যক্ষ খান আতিয়ার রহমান।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, সত্যিকার অর্থে জঙ্গিবাদ রুখতে হলে আগে ঘরের জঙ্গিবাদ ও প্রতিষ্ঠানের জঙ্গিবাদ চিহ্নিত করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে কঠোর নজরদারি শুরু হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ ফায়েক উজ্জামান আরও বলেন, ইসলাম ধর্মে কোনো মানুষকে হত্যার কথা বলা হয়নি। ইসলামের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ। অথচ ইসলামের কথা বলে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। কিন্তু মানুষ হত্যার সঙ্গে জড়িত কোনো অপশক্তি কোনো দিন টিকে থাকতে পারেনি, পারবেও না।