শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও শ্রেণীকক্ষে বসার চেয়ারের দাবিতে গতকাল শনিবার বান্দরবানের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (বিটিএসসি) শিক্ষার্থীরা বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম সড়ক অবরোধ করেছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর পুলিশ এসে শিক্ষার্থীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে বিটিএসসির কয়েক শ শিক্ষার্থী মেঘলা পর্যটন মোটেল এলাকায় বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম সড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) ইকতিয়ার আহমেদ বলেন, কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীরা বলে, নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু প্রতিষ্ঠানে শিক্ষক ও শ্রেণীকক্ষে চেয়ারের সংকট রয়েছে।
টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মতিন বলেন, প্রতিষ্ঠানে ২৩ শিক্ষকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১২ জন। তিনি বলেন, শ্রেণীকক্ষে চেয়ারের সমস্যা কয়েক দিনের মধ্যে সমাধান করা হবে।