শিক্ষার্থীদের সর্বনাশ করতে ৭২ ঘণ্টার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শিক্ষার্থীদের পরীক্ষার সর্বনাশ করতে বিরোধী দল ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে। তারা কোনো দিন লেখাপড়া করেনি, কোনো দিন জ্ঞান দিতে পারবে না। হরতাল, সংলাপ একসঙ্গে হয় না।
গতকাল শুক্রবার রাতে সিলেটের নজরুল ইসলাম মিলনায়তনে জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় আরও বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন ও শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক।
সজীব ওয়াজেদ জয় আরও বলেন, ‘আমরা যখন ক্ষমতায় আসি, তখন দেশ দুর্নীতিতে ১ নম্বর ছিল। এই পাঁচ বছর সব সমস্যার সমাধান করেছে আওয়ামী লীগ। এখন দুর্নীতিতে ৪০ নম্বরে নেমে এসেছে। দারিদ্র্যসীমা কমেছে। এ দেশে আওয়ামী লীগ দিয়েছে স্বাধীনতা। বিএনপি দিয়েছে সন্ত্রাস-দুর্নীতি।’
নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে বলেন, ‘বাংলার ১৬ কোটি মানুষ এখন নির্বাচন চায়। কেউ অগণতান্ত্রিকভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারবে না। আলোচনায় আসুন। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই।’ এর আগে নগরের একটি হোটেলে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সজীব ওয়াজেদ মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁদের জেগে ওঠার আহ্বান জানান। ‘লেটস টক’ নামের ওই অনুষ্ঠানে রেদোয়ান মুজিব, মেয়ে আজমিনা সিদ্দিক ও তাঁর স্বামী কৃশ পার্শি বক্তৃতা করেন। সজীব ওয়াজেদ তরুণ প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন। এর আগে সজীব ওয়াজেদ হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।