শিক্ষার্থীদের সামনে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের আবদুল করিম মৃধা (একেএম) কলেজের ক্যাম্পাসে ভাড়ায় চালিত মোটরসাইকেলের এক চালককে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। গতকাল মঙ্গলবার কয়েক শ শিক্ষার্থীর সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় কলেজের ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত চালকের নাম শাহাদাত হোসেন (২০)। তিনি শহরের পশ্চিম কালিকাপুরের নন্দকানাই এলাকার মৃত নয়া হাওলাদারের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহাদাতের সঙ্গে শহরের কালিকাপুর এলাকার হাসান নামের এক তরুণের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে বাঁধঘাট এলাকায় শাহাদাতের ওপর হামলার ঘটনাও ঘটে। মঙ্গলবার সকালে মুঠোফোনে বিরোধ মিটিয়ে ফেলার জন্য শাহাদাতকে কলেজ ক্যাম্পাসে আসতে বলেন হাসান। দুপুর পৌনে ১২টার দিকে শাহাদাত কলেজ ক্যাম্পাসে আসেন। এ সময় হাসান ও তাঁর কয়েকজন সহযোগী ধারালো অস্ত্র দিয়ে শাহাদাতকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন শাহাদাত। এ সময় শিক্ষার্থীরা ছুটে এলে হাসান ও তাঁর সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়। উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।