শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ক্লাস বর্জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ সোমবার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। একই প্রতিবাদে তাঁরা আজ ক্লাস ও পরীক্ষাও বর্জন করেন। প্রায় সোয়া এক ঘণ্টাব্যাপী এ সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি বাস কুমিল্লার কান্দিরপাড় থেকে পুলিশ লাইন এলাকার দিকে যাচ্ছিল। বাসটি কুমিল্লা নগরের বাদুড়তলা এলাকায় গেলে শোভাযাত্রার একটি পিক আপ ভ্যান থেকে বাসে থাকা ছাত্রীদের লক্ষ্য করে রং ছোড়া হয়। এরপর ওই বাসে থাকা ছাত্ররা ঘটনার প্রতিবাদ জানালে উভয় পক্ষে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পিক আপ ভ্যান থেকে অন্তত ৩০ জন লোক বাসের ভেতরে ঢুকে লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ সময় ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী আক্তারুজ্জামান আহত হন। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ হামলার প্রতিবাদে আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী ক্লাস পরীক্ষা বর্জন করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন। শিক্ষার্থীরা কাঠের গুঁড়ি ও চার লেন কাজের জন্য ব্যবহৃত ড্রাম ফেলে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা পুলিশ, মহাসড়ক পুলিশ ও র্যাব ঘটনাস্থলে যায়। তখন তাঁদের কাছে শিক্ষার্থীরা হামলায় জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ ছয় দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীদের এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মামলা করার জন্য বলা হয়েছে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।