শিক্ষার্থীদের সড়কে দাঁড় করিয়ে সংবর্ধনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিংকে গত বুধবার বিদ্যালয় বন্ধ করে ছাত্রছাত্রী ও শিক্ষকদের দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগ শতাধিক তোরণ নির্মাণ ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনার আয়োজন করে। বুধবার বিকেল তিনটায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর বান্দরবানে এসে পৌঁছার কথা থাকলেও জেলা শহরে এসে পৌঁছেন বিকেল পৌনে চারটায়। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রায় এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়ানো অবস্থায় রাখা হয়।
বান্দরবান কালেক্টরেট বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মিজানুর রহমান ও বান্দরবান শহর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোহামঞ্চদ শাহেদ বলে, বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ করে তাদের শিক্ষকেরা মন্ত্রীর সংবর্ধনায় লাইনে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। এ জন্য তারা অনেকক্ষণ ধরে সড়কে পাশে দাঁড়িয়ে রয়েছে।
তবে শিক্ষকেরা বলেন, তাঁদের কেউ অভ্যর্থনা জানানোর জন্য ছাত্রছাত্রীদের নিয়ে আসতে বলেনি। তারা ও ছাত্রছাত্রীরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে ব্যানার নিয়ে এসেছে।
জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন চৌধুরী বলেছেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মন্ত্রীদের অভ্যর্থনা ও অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) জন্য লাইনে দাঁড় করিয়ে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। তার পরও শিক্ষক-শিক্ষিকারা অত্যুৎসাহী হয়ে শিক্ষার্থীদের লাইনে দাঁড়াতে নিয়ে যান। এতে করার কিছু থাকে না বলে তিনি মন্তব্য করেন।
অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীকেও দাপ্তরিক কাজ ফেলে প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য ফুলের তোড়া হাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।