শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ রোববার দুপুর ১২টার মধ্যে তাঁদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভা শেষে এ নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পর গত ৩৫ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে গতকাল রাত সাড়ে আটটায় কুষ্টিয়া শহরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিনের নিজ বাড়িতে এক জরুরি সিন্ডিকেট সভা বসে।সভায় উপস্থিত সূত্র জানায়, সভায় উপাচার্য আলাউদ্দিন সভাপতিত্ব করেন। সভায় আজ রোববার দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধের নির্দেশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। আসন্ন দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি শেষে আগামী ৯ নভেম্বর আবাসিক হল খুলে দেওয়া হবে।সূত্র আরও জানায়, আবাসিক হলগুলো বন্ধ করে দেওয়া হলেও অফিস ২২ অক্টোবর পর্যন্ত চলবে। ছুটি শেষে ৮ নভেম্বর অফিস খোলা হবে। এ ছাড়া সভায় আগামী ১০ নভেম্বর থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়। উপাচার্য আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’