শিক্ষার্থীদের হলমুখী মিছিলে বাধা, ১৬ মার্চ মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বজলুর রহমান হল উদ্ধারে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ওই হলের স্থানে স্থাপিত বিদ্যালয়ের ফটকে হলের ব্যানার টানালেও কয়েক মিনিট পরই এলাকাবাসী তা খুলে পুড়িয়ে দেন।
বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে ১৬ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসমাবেশ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘোষণা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও হল উদ্ধার সংগ্রাম পরিষদ। বেলা সাড়ে ১১টার দিকে কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী মিছিল নিয়ে বজলুর রহমান হল উদ্ধারের জন্য মালিটোলার উদ্দেশে রওনা হন।
মালিটোলায় বজলুর রহমান হলের স্থানে ২০০৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করে সিটি করপোরেশন। মিছিলটি রায়সাহেব বাজার মোড়ের কাছে পৌঁছে সড়কে পুলিশের প্রতিবন্ধকতা ও বাধায় আর এগোতে পারেনি।