শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই নতুন বই
নতুন বছরের প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার দেশের অন্যান্য স্থানের মতো নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তারা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: সকালে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের প্রিপারেটরি স্কুলে আয়োজিত বই উৎসব ও বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। এ বছর জেলায় প্রাথমিক পর্যায়ে ১৫ লাখ ৬৩ হাজার ৩৫০, মাধ্যমিক পর্যায়ে ২৭ লাখ ৮ হাজার ২২৪, মাদ্রাসায় ৪ লাখ ৩৫ হাজার ৩৬৫, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ হাজার ৭০০ বই বিনা মূল্যে বিতরণ করা হয়।
মুন্সিগঞ্জ: সকাল ১০টার দিকে শহরের বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। জেলা প্রশাসক সাইফুল হাসানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারাবান তাহুরা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার প্রমুখ।
কেরানীগঞ্জ: সকাল ১০টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা কালুনগর এলাকায় ২০ নম্বর কালুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। উপজেলার ৪০৩টি প্রাথমিক ও ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মাদ ফখরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, শাক্তা ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ, কালুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী পারভিন চৌধুরী।