শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ক্রিকেট খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার শিক্ষার্থীরা তিনজন শিক্ষককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তবিভাগ ক্রিকেট খেলায় প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং পদার্থবিজ্ঞান বিভাগ অংশ নেয়। খেলার শেষ পর্যায়ে বেলা দেড়টার দিকে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এক খেলোয়াড় মাঠের বাইরে থেকে বল আনতে গেলে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাঁকে ধাক্কা দেন। বিষয়টি দেখতে পেয়ে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অন্য খেলোয়াড়েরা আম্পায়ারকে বিষয়টি জানান। আম্পায়ার দুই দলের খেলোয়াড়দের নিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছিলেন। এ সময় পদার্থবিজ্ঞান বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র জহিরুল ইসলামসহ সাত-আটজন মাঠের বাইরে থেকে ক্রিকেট স্ট্যাম্প নিয়ে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের খেলোয়াড়দের মারতে উদ্যত হন। এ সময় প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মাহমুদুল হাসান, মো. ইব্রাহীম হোসেন ও সুদ্বীপ পাল তাঁদের থামানোর চেষ্টা করলে তাঁরা শিক্ষকদের লাঞ্ছিত করেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খেলা শেষে শিক্ষক মো. মাহমুদুল হাসান খেলা পরিচালনা কমিটির সভাপতি ও রাতে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। শিক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, ‘মাঠে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে বাগিবতণ্ডা হলে আমরা শিক্ষার্থীদের থামাতে গেলে পদার্থবিজ্ঞান বিভাগের কয়েক শিক্ষার্থী আমাদের লাঞ্ছিত করে।’ শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষার্থী জহিরুল। প্রক্টর সোহেল আহমেদ বলেন, এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণের দায়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রক্টরিয়াল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।