শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই

খ্রিষ্টীয় নতুন বছরের গতকাল রোববার ছিল প্রথম দিন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিনা মূল্যের পাঠ্যবই। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে রাজশাহী কলেজিয়েট স্কুলের মাঠে উৎসব হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রাজশাহী বিভাগে এবার মাধ্যমিকে ২ কোটি ৯০ লাখ এবং প্রাথমিকে ১ কোটি ১৫ লাখ বই বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী।
বাগমারা উপজেলার চানপাড়া বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্সে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এনামুল হক। সভাপতিত্ব করেন ইউএনও নাছরিন আক্তার।
জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জোহা। উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুর রহিম। জেলার প্রাথমিক স্তরে ৯ হাজার ৭০৫ জন শিক্ষার্থী এবং মাধ্যমিক, দাখিল ও কারিগরি বিদ্যালয়ের ১ লাখ ১৬ হাজার ৬৪০ জন শিক্ষার্থীর বই দেওয়া হয়।
সিরাজগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত, নারী আসনের সাংসদ সেলিনা বেগম, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল্লাহ প্রমুখ।
নাটোর শহরের বালিকা উচ্চবিদ্যালয় ও সরকারি বালক উচ্চবিদ্যালয়ে সকালে বই তুলে দেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নফীসা বেগম উপস্থিত ছিলেন। এখানে প্রাথমিকে ৬ লাখ ২৫ হাজার ২৫০ এবং মাধ্যমিক স্তরের ২৮ লাখ ৩৫ হাজার ৭১৭ জন শিক্ষার্থীকে বই দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বই উৎসবের উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ১০টায় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। জেলায় মাধ্যমিক পর্যায়ে ৩ লাখ ৫৬ হাজার ৯৬ জন শিক্ষার্থী ও প্রাথমিক পর্যায়ে ৪ লাখ ৯১ হাজার ৬১৯ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
সকালে নওগাঁ সরকারি জিলা স্কুলে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন সদর আসনের সাংসদ আবদুল মালেক। নওগাঁয় প্রাথমিক স্তরে ৮ লাখ ২ হাজার ২৯৪ জন ও মাধ্যমিক স্তরে ২ লাখ ১৬ হাজার ৯০৮ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে। নওগাঁর রানীনগর উপজেলার রানীনগর বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল সকালে বই বিতরণ অনুষ্ঠান হয়। ইউএনও সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাংসদ ইসরাফিল আলম।
পাবনার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজে বই উৎসবের আয়োজন করা হয়। সকালে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ঢাকা থেকে মুঠোফোনে বক্তব্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন।
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর এবং আক্কেলপুর (জয়পুরহাট), আদমদীঘি (বগুড়া), ঈশ্বরদী (পাবনা) ও বাগমারা (রাজশাহী) প্রতিনিধি}