শিক্ষার্থীদের 'সততা স্টোর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেই কোনো দোকানি, নেই নজরদারি ক্যামেরা। জিনিসপত্রের গায়ে দাম লেখা রয়েছে। সেই দাম অনুযায়ী খাতা-কলম বা অন্য কোনো শিক্ষাসামগ্রী নিয়ে নির্ধারিত বাক্সে রাখতে হবে টাকা। এভাবে কোনো দরদাম ছাড়াই শিক্ষার্থীরা কেনাকাটা করতে পারবে ‘সততা স্টোর’ থেকে।

ওই দোকান থেকে শিক্ষার্থীরা সহজে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে, তেমনি রাখতে পারবে সততার স্বাক্ষর। নাটোরের বাগাতিপাড়ার তমালতলা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সততা অনুশীলনের সুযোগ করে দিতে ওই স্কুলের একটি কক্ষে ‘সততা স্টোর’ নামে ওই ব্যতিক্রমী দোকানের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী সেখ প্রধান অতিথি থেকে গত বুধবার বিকেলে ওই দোকানের উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল কাদের। প্রধান শিক্ষক খন্দকার মোখলেছুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মাহাতাব উদ্দিন প্রমুখ।

প্রধান শিক্ষক খন্দকার মোখলেছুর রহমান বলেন, মূলত শিক্ষার্থীদের মাঝে সততার চর্চার উদ্দেশ্যেই দোকানটি প্রশাসনের সহযোগিতায় করা হয়েছে। এটিকে সততার ব্যবহারিক শ্রেণিকক্ষ বলা যেতে পারে। নির্দিষ্ট কিছু নির্দেশনা মেনে ওই বিপণি থেকে তাদের প্রয়োজনীয় যেকোনো পণ্য কিনতে পারবে শিক্ষার্থীরা। দোকানের চারপাশের তাকে সাজানো আছে কলম, পেনসিল, খাতা, রাবারসহ বিভিন্ন রকমের শিক্ষাসামগ্রী। দোকানের একটি পণ্য অতিরিক্ত নিলে বা টাকা না দিলে দেখার কেউ নেই। তবু সবাই সততার পরীক্ষায় পাস করতে পারে কি না, তাই দেখার পালা। প্রতিদিন স্কুল চলার সময় পর্যন্ত ওই দোকানটি খোলা থাকবে। কেবল স্কুলের শিক্ষার্থী-শিক্ষকেরাই এ দোকান থেকে ক্রয় করতে পারবেন। শিক্ষার্থীরা ক্রয় করার পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের পাশাপাশি ক্যাপ্টেনের সহযোগিতা নিতে পারবে।