শিক্ষার্থীদেরই ভ্যাট দিতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভ্যাট মওকুফের কোনো সুযোগ নাই। এবার তাঁরা আন্দোলন করছেন বলে তাঁদের ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে। আগামী বছর শিক্ষার্থীদের ভ্যাট তাঁদের নিজেদের দিতে হবে।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে ডেইলি স্টার-ডিএইচএল বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু হওয়ার আগে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একই প্রসঙ্গে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত মূসক প্রত্যাহার করা হবে না। ওই সংবাদ সম্মেলনে তিনি উল্টো প্রশ্ন তুলে বলেন, ‘প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা দৈনিক এক হাজার টাকা খরচ করতে পারলে ভ্যাট কেন দেওয়া যাবে না?’ অর্থমন্ত্রী বলেন, ‘দেশের রাজস্ব আহরণে আমি যে সাফল্য রাখছি, আমাকে রাজস্ব আহরণ করতেই হবে। তাই ভ্যাট প্রত্যাহার হবে না। তবে খেয়াল রাখতে হবে যে এ ভ্যাট যাতে ছাত্রদের ওপর চাপিয়ে দেওয়া না হয়।’
ভ্যাট না দেওয়ার পরামর্শ
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক টাকাও ভ্যাট না দেওয়ার পরামর্শ দিয়েছেন। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এই পরামর্শ দেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। হাছান মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয় কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়। ভ্যাটের অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে এক টাকাও বেশি নেওয়া যাবে না। ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, শিক্ষকদের ব্যাপারে কথা বলার সময় সতর্ক হওয়া উচিত। কেউ যেন অবমাননাকর কোনো মন্তব্য না করেন।