শিক্ষার্থীপিছু ব্যয়ে বৈষম্য দূর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পরিষদের সভাকক্ষে গতকাল রোববার ‘পার্বত্য জেলা পরিষদসমূহে শিক্ষার উন্নয়নে বাজেট বৃদ্ধিকরণ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সভায় পাহাড় ও সমতলের মধ্যে শিক্ষার্থীপিছু সরকারি ব্যয়ের ক্ষেত্রে বৈষম্য দূর, বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, পার্বত্য জেলা পরিষদগুলোতে শিক্ষা খাতে বাজেট বাড়ানোসহ নানা দাবি জানিয়েছেন রাঙামাটি জেলার জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
সংলাপে অধ্যাপক মংসানু চৌধুরীর লেখা মূল প্রবন্ধে বলা হয়, পার্বত্য জেলাগুলোতে শিক্ষার্থীপিছু সরকারি বরাদ্দ মাত্র ৩৯৮ টাকা। অথচ সমতল এলাকায় এ বরাদ্দের পরিমাণ এক হাজার ৭৮৮ টাকা। এ বৈষম্যের কারণে পার্বত্য এলাকায় মানসমঞ্চত শিক্ষা অর্জন করা সম্ভব হচ্ছে না। পার্বত্য চট্টগ্রামে এখনো ৩৯৩টি গ্রামে বিদ্যালয় নেই। যেসব এলাকায় বিদ্যালয় রয়েছে, সেগুলোও ঠিকমতো পরিদর্শন করা হয় না।
সংলাপে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অংচা প্রু মারমা, বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের শিক্ষা ক্লাস্টারের প্রধান সুই অং প্রু চৌধুরী, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা প্রমুখ।
সংলাপে শিক্ষা কর্মকর্তারা জানান, বিদ্যালয় পরিদর্শনে তাঁদের যে বরাদ্দ দেওয়া হয়, দুর্গম এলাকায় যেতে গিয়ে এক থেকে দুই দিনের মধ্যেই তা শেষ হয়ে যায়। ফলে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করা সম্ভব হয় না।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, প্রাথমিক শিক্ষা হস্তান্তরিত বিভাগ হিসেবে চলতি বছরের বাজেটে নিজস্ব আয়ের ৩১ শতাংশ শিক্ষার উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে।
শিক্ষাক্ষেত্রেও বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে: বান্দরবান প্রতিনিধি জানান, শিক্ষাক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। জাতীয়ভাবে শিক্ষার্থীপ্রতি মাথাপিছু এক হাজার ৭৮৮ টাকা ব্যয় করা হলেও পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের মাথাপিছু মাত্র ৩৯৯ টাকা ব্যয় করা হচ্ছে। এ কারণে এ অঞ্চলে বিশেষ করে বান্দরবানে মানসমঞ্চত শিক্ষা অর্জন ও ঝড়ে পড়ার হার রোধ করা সম্ভব হচ্ছে না।
গতকাল রোববার বান্দরবানে পার্বত্য জেলার জন্য শিক্ষা কৌশলপত্র প্রণয়নবিষয়ক এক সভায় জেলা পরিষদের প্রকাশিত খসড়া প্রাথমিক শিক্ষা কৌশলপত্রে এ কথা বলা হয়েছে।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় ৬১ পৃষ্ঠার এই কৌশলপত্র উপস্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র শিকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা।
কৌশলপত্রে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলার আদিবাসী-অধ্যুষিত দুর্গম ৩৯৩টি পাড়া এবং গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই।
শিক্ষা কৌশলপত্রটি পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে বলে জেলা পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।