
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মুক্তাদির শাওনের ওপর হামলার বিচারের দাবিতে শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা বর্জন শুরু করেছেন শিক্ষার্থীরা। এতে গতকাল বিশ্ববিদ্যালয়টির স্নাতক পর্যায়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল।
গতকাল মঙ্গলবার স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেন। তাঁরা মুক্তাদিরের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে মুক্তাদির শাওনকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক পক্ষের কর্মী ছিলেন। আহত মুক্তাদির ২০ দিন ধরে অচেতন অবস্থায় চিকিৎসাধীন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
গতকাল সকাল আটটা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তাঁরা মুক্তাদিরের ওপর হামলাকারী শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করার দাবি জানান। পরে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা তাঁদের দাবি জানাতে মিছিলসহ উপাচার্যের দপ্তরে যান। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে তাঁরা দেখা করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বেলা তিনটার দিকে শিক্ষার্থীরা তাঁদের দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন। উপাচার্য তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশের আয়োজন করেন শিক্ষার্থীরা।
উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছি। ঘটনা তদন্তে কমিটি করা হবে। কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে ২৮ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে।’