শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজা হাসান ত্বকীর ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷
পুলিশ জানায়, গতকাল সকালে কলেজের কয়েকটি বিভাগে ক্লাস শুরু হয়৷ এ খবর পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাসগুলো বন্ধ করে দেন। পরে বেলা ১১টার দিকে তাঁরা মিছিল করে কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন৷ এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে৷ পরে তিন দিনের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে—পুলিশের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর একটায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা৷
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে৷
শনিবার সকালে শহরের কৃষ্টপুর এলাকায় নিজ বাসার সামনে রেজা হাসান ত্বকীকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়৷ তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন৷