চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একদল দুর্বৃত্ত অপহরণ করে তাঁর কাছ থেকে স্ট্যাম্পে সই নিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মনসুর আলম এই অভিযোগ করে গতকাল সোমবার পাঁচলাইশ থানায় তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন। অভিযোগপত্রে বলা হয়, ১২ জুন রাতে নগরের হামজারবাগ এলাকার বাসা থেকে মনসুরকে ক্যামেরা চুরির অজুহাত দেখিয়ে তুলে নিয়ে যায় মোবারক আলী, আলী ও মানিকসহ একদল দুর্বৃত্ত। এ সময় তাঁকে মারধর করা হয়। পরে দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে মুঠোফোন ও অর্থ ছিনিয়ে নেয়। দুই লাখ টাকা পাওনা রয়েছে বলে উল্লেখ করে জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয় তারা। ওই দিন রাত তিনটার দিকে তাঁকে আহত অবস্থায় হামজারবাগ এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে পাঁচলাইশ থানার উপপরিদর্শক মোহাম্মদ আবদুল আলীম প্রথম আলোকে বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত হচ্ছে।’ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর খান তৌহিদ ওসমান সাংবাদিকদের বলেন, তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।